এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা জোরদার, কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও আলিম পরীক্ষা।
পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরের সব পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এ বিষয়ে সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পরীক্ষার দিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রের চারপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় অস্ত্র, লাঠি, বিস্ফোরক বা যেকোনো ধরনের ক্ষতিকর সামগ্রী বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মিছিল, সমাবেশ, উচ্চ শব্দে মাইক, গান-বাজনা কিংবা জনসমাগমের মতো কার্যক্রমও বন্ধ থাকবে।
পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে কেন্দ্রের আশপাশের ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন পরীক্ষার সময় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়ম ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সিএমপি জানিয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কেউ নির্ধারিত এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন না।
২ জুলাই থেকে শুরু হওয়া প্রতিটি পরীক্ষার দিন এ নির্দেশনা বহাল থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/ র.ই