চিতলমারীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু

জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় বাগেরহাটের চিতলমারীতে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৯৫ জন জেলেকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রথম ধাপে ফেব্রুয়ারি থেকে মার্চ এই দুই মাসের জন্য জনপ্রতি ৮০ কেজি করে চাল একসাথে বিতরণ করা হবে। বাকি দুই মাসের চাল পরবর্তী ধাপে দেওয়া হবে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বড়বাড়িয়া ইউনিয়নে ৩০ জন, কলাতলা ইউনিয়নে ১৩০ জন, হিজলা ইউনিয়নে ২০ জন, শিবপুর ইউনিয়নে ২০ জন, চিতলমারী সদর ইউনিয়নে ৪৫ জন, চরবানিয়ারী ইউনিয়নে ৯৫ জন এবং সন্তোষপুর ইউনিয়নে ১৫৫ জন জেলে এই সহায়তা পাবেন।
ইতোমধ্যে উপকারভোগীদের তালিকা মৎস্য অফিসে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফেরদৌস আনসারী বলেন, চরবানিয়ারী ও সন্তোষপুর ইউনিয়নের তালিকা পাওয়া গেছে, অন্য ইউনিয়নগুলোর তালিকা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, জাটকা সংরক্ষণ সফল করতে জেলেদের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/ র.ই