পিরোজপুর
মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১

পিরোজপুর পৌরএলাকার শ্মশানঘাট কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর,অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন প্রদীপ কুমার আইচ (৪৮), তিনি পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সুএে জানা গেছে, বৃহস্পতিবার (১১জুন) গভীর রাতে অভিযান চালিয়ে পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। এবং সকালে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে দিবাগত রাতে পৌর শ্মশান এলাকার কালীমন্দিরে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় মন্দিরে থাকা শিবের প্রতিমা ভাঙচুর করা হয় এবং মহাদেবের মূর্তিতে আগুন দেওয়া হয়।
পাশাপাশি প্রণামীর বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও শ্মশানে সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যায়। ঘটনার পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিকভাবে একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয় এবং পরে মন্দিরের অস্থায়ী পুরোহিত পঙ্কজ তেওয়ারী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে পুলিশ প্রদীপ কুমার আইচের সংশ্লিষ্টতার প্রমান পেলে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চুরি যাওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে আসছিল। তদন্তে অভিযুক্তের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে।
এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই