রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

কক্সবাজারের রামুতে মো. বাবুল (৩৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রামের মৃত আব্দু সালামের ছেলে। তার পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে দক্ষিণ পাড়া এলাকায় সড়কের পাশে বাবুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের অদূরেই একটি মুঠোফোন পড়ে থাকতে দেখা গেছে। তবে তার চালিত ইজিবাইকটি (অটোরিকশা) পাওয়া যায়নি।
নিহতের ছোট ভাই মোহাম্মদ জানান, রোববার সন্ধ্যায়ও বড় ভাই বাবুলের সাথে স্বাভাবিকভাবে কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।
কিন্তু ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যুসংবাদ আসে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি।
প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে তদন্ত করছি এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/নি. ব