সিদ্ধিরগঞ্জে বাসে আগুন,আ'লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা একটি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সরকার বিরোধী স্লোগান ও মিছিলের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সানারপাড় মৌচাক ইউটার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্ক করা থ্রি স্টার পরিবহনের এ বাসটিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে জানা যায়, ঘটনার সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সানারপাড় পিডিকে পাম্পের সামনে রাতের ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মৌচাক ইউটার্ন এলাকায় একত্রিত হয়ে সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপস্থিতি দেখে জড়িত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার জন্য মহাসড়কের পাশে থাকা ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বরের বাসটিতে আগুন দেয়। মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন গুজা, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শান্ত, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সালাহ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছে এবং তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা