সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উৎসব আয়োজন মানেই সামাজিক মেলবন্ধন। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২২৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
জেলা প্রশাসক আরও বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সব বাহিনী একযোগে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামণ্ডপ কঠোর মনিটরিংয়ের আওতায় থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই সব বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে উৎসবকে সুন্দরভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জেলা প্রশাসকের আন্তরিক তত্ত্বাবধান, নিয়মিত খোঁজখবর ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য তাঁরা কৃতজ্ঞ। একইসঙ্গে তাঁরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহানগর সদস্য সচিব খোকন সাহা এবং জেলার ২২৪টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পূজামণ্ডপ কমিটিগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ভোরের আকাশ/জাআ