মোবাইল ফোন না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন সি-মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। কামাল মিয়া ও তার ছেলে সালমান ভূঁইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বেশ কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে সোমবার গভীর রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে কামাল মিয়াকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। এ সময় হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর আলম জানান, মোবাইল ফোন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ এনউব