চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে বর্তমানে ভর্তি রয়েছে শতাধিক রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৩ জন ডেঙ্গু রোগী।
এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে মোট ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে শিশু রয়েছে ১৬ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ঠান্ডা তীব্র জ্বর নিয়ে মহব্বত আলী নামে ১৩ বছরের এক শিশুর মৃত্যু হলেও ডেঙ্গু পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা হাসপাতালের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১৫ জনে। এর মধ্যে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪০৬ জন এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে ১০৪ জন রোগীকে।
এছাড়া হাসপাতালের বহির্বিভাগ থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব