গাইবান্ধায় দেশীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে গত সোমবার (২৯ জুন) রাতে গাইবান্ধা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০) ও আকাশ চন্দ্র বর্মন (২২)। তারা গাইবান্ধা পৌর এলাকার পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুন রাতে গাইবান্ধা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় পূর্ব গোবিন্দপুর এলাকার মৃত বাসুদেব বর্মনের ছেলে বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০)-কে পুলিশ লাইন্সগামী সড়ক থেকে দেশীয় মদসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অপর আসামি আকাশ চন্দ্র বর্মন (২২) এর শয়নকক্ষের খাটের নিচে একটি সাদা কাপড়ের বস্তার ভেতর বিভিন্ন বোতলে রাখা মোট ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় দেশীয় মদ বিক্রির নগদ ৭০০ টাকাও জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা বলে জানান পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন,' এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ইউএম