জামালপুরে ১১ শিক্ষক পড়ালেন ৩ শিক্ষার্থীকে, এসএসসিতে পাস করলেন না একজনও

জামালপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এর মধ্যে ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক মাত্র তিন জন পরীক্ষার্থীকে পাঠদান করিয়ে তাদের মধ্যে একজনকেও পাস করাতে পারেননি।
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান তিনটি হলো সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন। এবার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মাত্র তিন জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। তবে তিনজনই অকৃতকার্য হয়েছে। এই বিদ্যালয়টির প্রথম বারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ছিলো।
সরিষাবাড়ীর চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়টিও এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে চার জন শিক্ষক রয়েছেন। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ১১ জনই অকৃতকার্য হয়।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং সবাই অকৃতকার্য হয়।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
এ বিষয়ে জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, যে তিনটি প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়েছে। এ সবগুলো প্রতিষ্ঠারই এমপিওভুক্ত, তাদের পরীক্ষার্থীর সংখ্যাও কম। তারা সরকারি সকল সুযোগ-সুবিধা পায়। তারা সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পরও কেন শতভাগ ফেল আসলো সে বিষয়ে আমরা তাদের কাছে জবাবদিহিতা চাইবো। এবং বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানাবো।
উল্লেখ্য, এ বছর জামালপুর জেলা থেকে ৮৫ টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় মোট ৩৯ হাজার ৬ শত ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৭৮ জন, দাখিল ৫ হাজার ৩ শত ২১ জন ও ভোকেশনাল ৪ হাজার ২ শত ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এ বছর জামালপুরে পাসের হার শতকরা ৫৫.৬০।
ভোরের আকাশ/রই