ঝিনাইদহে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের সদরে ট্রাকচাপায় মো. হুসাইন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার (২মার্চ) সকালে বাবার জন্য খাবার নিয়ে ইটভাটায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় প্রান্ত (১৩) নামে আরেক কিশোর আহত হয়।
নিহত হুসাইন সদর উপজেলা কয়ারগাছি গ্রামের শাহিনুর রহমানের ছেলে ও বিষয়খালী বাজার সংলগ্ন কানুহরপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবা নৃসিংহপুর ইটভাটার শ্রমিক। আহত প্রান্তও একই গ্রামের বাসিন্দা ও হুসাইনের বন্ধু।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, সকালে ওই কিশোর ও তার বন্ধু সাইকেলে তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর গ্রাম এলাকায় পৌঁছালে ইটভাটার কাঠের খড়ি বোঝায় একটি ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে হুসাইন ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় হুসাইন। অপরজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে আটক করে রাখে। চালক ও ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
ভোরের আকাশ/ র.ই