ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে ।
শনিবার(৫সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজী, চাইনিজ ও জাপানী ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শিখার জন্য এবং সংস্কৃতি চর্চা আরো গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে। কয়েক মাসের মধ্যেই এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষা কেন্দ্র করা হবে। যাতে করে মধুপুরের মানুষ কর্মক্ষম ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারী ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে ১ থেকে ২ বছরের জেল দিয়ে দিবেন।
তিনি আরও বলেন বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন। তরুণদেরকে কর্মমূখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন, খুররম খান ইউসুফজি প্রমুখ।
ভোরের আকাশ/ এনউব