টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক সিএনজিটি থামিয়ে তল্লাশি চালালে ইয়াবাগুলো উদ্ধার হয় এবং সঙ্গে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/র.ই