কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ ও ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ, অপর অভিযুক্ত পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী কমল শেখের ছেলে আহাদ শিশুটিকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
পরবর্তী সময়ে পরিবারের অনুপস্থিতির সুযোগে অন্য তিন অভিযুক্ত—শামীম, নজরুল ইসলাম ও শফিকুল বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পর আহাদ গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে শিশুটিকে ওষুধ সেবন করান। গত ২১ অক্টোবর ভোরে শিশুটির গর্ভপাত ঘটে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আহাদ, শামীম ও নজরুল ইসলামকে আটক করেন। অপর অভিযুক্ত শফিকুলকে আটকের চেষ্টা চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় ২২(১০)২৬ নম্বর মামলা দায়ের হয়েছে। আটক তিনজনকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা