ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী ধর্ষণ: অনিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিক নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে অনিক ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অনিক জেলার আশুগঞ্জের সোনারামপুর কলাবাগান এলাকার মনু মিয়ার ছেলে।
এই ঘটনায় ৩ জনকে আসামী করে মামলা করা হয়। পলাতক থাকা মামলার অপর দুই আসামীকে এখনো ধরতে পারেনি পুলিশ। এরা হলেন- একই এলাকার জাকারিয়া ও ইমরান; তারাও কিশোর বয়সী।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী বলেন, 'ধর্ষণ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা ফয়জুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এতে আশুগঞ্জ কলাবাগান এলাকার অনিক, জাকারিয়া ও ইমরান নামে তিন কিশোরকে আসামি করা হয়েছে। রাতেই অভিযুক্ত অনিককে গ্রেফতার করা হয়েছে। অনিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।'
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কয়েকজন কিশোর মিলে এক কিশোরীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ভোরের আকাশ/সু.পা