মেহেরপুরে বিপুল পরিমাণ ট্যাবলেট ও ভারতীয় মদ জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডেক্সামেথাসোন ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার ( ৯ জুলাই ) ভোর রাতে মেহেরপুর সদর থানাধীন ফতেপুর সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ ইছাখালী বিওপির একটি দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ইছাখালী বিওপির সুবেদার মো. আবু হানিফ এর নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর মাঠ এলাকায় অবস্থান নেয়।
এ সময় সীমান্ত মেইন পিলার ১২৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৩০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় ‘বেঙ্গল টাইগার’ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫,৩৪,০০০/- (পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার)টাকা।
উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় বিজিবির এমন চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই