ব্রাহ্মণবাড়িয়া-২
সংঘর্ষের ঘটনায় সরাইলে ভোট কেন্দ্র সাময়িক বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি সমর্থিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের দুই এজেন্টের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে একটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে কেন্দ্র ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভোট দিতে আসা সুমন মৃধা এবং বিপ্লব দৈনিক ভোরের আকাশ এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম সুমনকে জানান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে জুনায়েদ আল হাবিবের খেজুরগাছ প্রতীকের এজেন্ট সামছু মিয়া এবং রুমিন ফারহানার হাঁস প্রতীকের এজেন্ট তানভীর পাঠান বয়োজ্যেষ্ঠ ভোটারের ব্যালটে সিল মারার অভিযোগ নিয়ে প্রথমে তর্কাতর্কি পরে হাতাহাতি থেকে হাঁসের এজেন্ট তানভীর পাঠান খেজুর গাছের এজেন্ট সামছু মিয়াকে মুখে ঘুষি মেরে রক্তাক্ত করেন। পরে তাকে উদ্ধারপূর্বক হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. অহিদ হোসেন এই প্রতিবেদককে জানান, সংঘর্ষেের ঘটনায় ৪ নং বুথে মিনিট পাঁচেক ভোট গ্রহণ বন্ধ ছিল। যদিও ভোট দিতে আসা লোকজন জানান, এখানে প্রায় ১৫-২০ মিনিটের মতো ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল।
ভোরের আকাশ/ র.ই