জামালপুরে নিখোঁজের ২৫ দিন পর ভেসে উঠল শিশুর মরদেহ

জামালপুরের দেওয়ানগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর ভেসে উঠেছে শিশু রোহানের (৮) মরদেহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার যমুনা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে রোহানের আত্মীয়-স্বজন এসে লাশ সনাক্ত করে। নিহত রোহান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের একমাত্র সন্তান।
রোহানের চাচা ইসমাইল হোসেন বলেন, গত মাসের ২৪ তারিখে রোহান গ্রামের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবির দল বহু চেষ্টা করে লাশের কোন সন্ধান পায়নি।
অবশেষে বৃহস্পতিবার সকালে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে উঠে। রোহানের আত্মীয়-স্বজন জানায়, লাশ বিকৃত হয়ে যাওয়ায় মুখ দেখে লাশ সনাক্ত করার কোন উপায় ছিল না রোহানের পরনের প্যান্ট দেখে সনাক্ত করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভোরের আকাশ/আ.র