ঝিকরগাছার বাঁকড়ায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ৩ দিনের সময়

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার ও আশপাশের সড়ক-ফুটপাত দখল করে দোকান বসানো এবং পণ্যসামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব দখল সরাতে ব্যবসায়ীদের তিন দিনের সময় বেঁধে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঁকড়ার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি পারবাজার ব্রিজসংলগ্ন সড়ক, কাপড়পট্টি, বাঁকড়া ডিগ্রি কলেজ ও হাইস্কুল সড়ক, বাগআঁচড়া, হাড়িখালি এবং ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ইউএনও। তারা জানান, ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা এবং সড়কের পাশের জায়গা ব্যবহার করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সেখানে মালামাল রাখা যাবে না। দখল করা জায়গাগুলো আগামী তিন দিনের মধ্যে খালি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল সরানো না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন হলে বাঁকড়ার সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
ভোরের আকাশ/আ.র