মহাদেবপুরে জমিতে কীটনাশক দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নওগাঁর মহাদেবপুরে জমিতে কীটনাশক দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আনিছার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় উসমান গনি নামে এক জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার খেজুর ইউনিয়নের রনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছার রহমান ওই গ্রামের সাহাজানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন সাহাজান, মতিন, পেন্টু, দুলাল, আব্দুল মান্নান, মাসুূদ হোসেন ও আব্দুল সামাদ। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জমি নিয়ে বিরোধের জেরে কীটনাশক দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় আনিছার রহমানের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় উসমান গনি নামে এক জন কে আটক করা হয়েছে ।
ভোরের আকাশ/সু.পা