প্রাথমিক বৃত্তি পরীক্ষা
কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে পাথরঘাটায় সম্মেলন

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, পাথরঘাটা উপজেলা শাখা।
এসময় “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই-প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন? প্রাথমিক শিক্ষা উদ্দেশ্যে জবাব চাই”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পাথরঘাটা উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন মিলনায়তন।
অভিভাবক ও শিক্ষকরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া সুস্পষ্ট বৈষম্য। দেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলেও বাস্তবে তা ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করলে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে উঠবে, যা শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুমানা ইয়াসমিন, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, অভিভাবক প্রতিনিধি রেজাউল করিম বাদশাহ, সোনিয়া ও শাহিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও শিশুদের সমান অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভোরের আকাশ/মো.আ.