মহেশখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস, মহেশখালী, কক্সবাজার-এর উদ্যোগে মহেশখালী সরকারি মডেল হাই স্কুলে এ ব্রিফিং সেশন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।
ব্রিফিং সেশনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গায়ে বডি-ওর্ন ক্যামেরা থাকবে এবং ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
এসব প্রযুক্তির মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে মনিটরিং করা সম্ভব হবে।
ভোটগ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকল কার্যক্রম রেকর্ড সংরক্ষিত থাকবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট ভিডিও আলাদাভাবে বিশ্লেষণ করা যাবে।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় মহেশখালী থানাধীন একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ভোরের আকাশ/নি. ব