সুন্দরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার ও তরুণ-যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সভায় অংশ নেওয়া বক্তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ১০টার দিকে উপজেলার হাসানগঞ্জে দৈনিক যুগান্তরের উপজেলা আঞ্চলিক কার্যালয়ে হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য ও অতিথিদের বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম এগিয়ে যায়। সভায় সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার।
স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুন্দরগঞ্জ প্রতিনিধি ও হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মো. আব্দুর রহমান (শিপন) এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।
সাংবাদিক মো. রিয়াদ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শফিকুল ইসলাম (শামীম), বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুস সবুর, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক আজকালের খবরের সুন্দরগঞ্জ প্রতিনিধি মো. জাহিদ হাসান জীবন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, হাসানগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আবু হানিফ মিয়া, এম জে আই মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব শুধু একজন ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ থাকে না। এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবার ও তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে।
সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করা, নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালন ও স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা