সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: ডা. জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপিকে যারা সংস্কারের প্রতিপক্ষ মনে করেন তারা সত্যিকার অর্থে শাক দিয়ে মাছ ঢাকতে চান। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, কোনো এক উপদেষ্টা বলেছে বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নাওনি ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার ওপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য।
তিনি আরও বলেন, এই দেশ, দেশের মানুষ মানুষ ও ইতিহাস বলবে বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, বিএনপির ইতিহাস মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু।
এছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ