স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
দীর্ঘদিনের বঞ্চিত বগুড়ার উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বগুড়া সদর এলাকার মানুষ ভাগ্যবান, তারা প্রধানমন্ত্রী পেয়েছেন। এই বগুড়া দীর্ঘদিন ধরেই উন্নয়ন বঞ্চিত ছিল। এ কারণে যা যা প্রয়োজন প্রধানমন্ত্রীর সহযোগিতায় সেসব উন্নয়ন কাজ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করে দেখান। ভোটের সময় দেওয়া হাতের কালি শুকানোর আগেই তাঁর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান।
শুক্রবার (১৩ মার্চ) বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দির উন্নয়নে বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বগুড়া পৌর এলাকা ও সদর উপজেলার ৬৫টি মসজিদ ও ১০টি মন্দির উন্নয়নে মোট ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে বরাদ্দপত্র প্রদান করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল । সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক মঞ্জু, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রিপন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ র.ই