আদালত ও পরিবারের জিম্মায় হস্তান্তর
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪

নোয়াখালী জুড়ে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। ২৪ ঘণ্টার এই অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫৪ জন কিশোরকে আটক করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।এর আগে শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে এই আটকের ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, জেলা পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। আটককৃত ৫৪ জনের মধ্যে ২ জনকে আইনগত প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে বা নির্ধারিত ধারায় সোপর্দ করা হয়েছে। অন্য ৫২ জনকে অপরাধে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় ১২ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় হস্তান্তর। কোম্পানীগঞ্জে ১০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান। কবিরহাট থানায় ৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় সোপর্দ।চরজব্বর ও চাটখিল থানায় উভয় থানা এলাকা থেকে ৭ জন করে মোট ১৪ জনকে আটক ও মুচলেকায় জিম্মা প্রদান। সেনবাগ থানায় ৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় হস্তান্তর।সুধারাম মডেল ও সোনাইমুড়ী থানায় দুটি থানা থেকে ২ জন করে মোট ৪ জনকে আটক ও মুচলেকায় জিম্মা। হাতিয়া থানায় ২ জনকে গ্রেপ্তার করে ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সামাজিক সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব