উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ঘটনাস্থল থেকে তাঁর মজুদকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত নূর ইসলাম উত্তর নামাজের চর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানকালে হাতেনাতে বালু উত্তোলনরত অবস্থায় নূর ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় তাঁকে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে উত্তোলিত ও সেখানে মজুদ করে রাখা আনুমানিক এক লাখ ৫০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা