নওগাঁয় বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নসংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য পেয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জনস্বার্থ এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নদী রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ