৬ মাসে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র
শিবগঞ্জ সীমান্তে নির্বাচনকালীন নিরাপত্তায় বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাসুদপুর সীমান্তের ঠুটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বিজিবির ৫৩ ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
কাজী মুস্তাফিজুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া সীমান্তে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন: ত্রয়োদশ "জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে গত বেশ কিছুদিন ধরেই অবৈধ অস্ত্র আসার প্রবণতা দেখা যাচ্ছে। আমাদের ধারণা, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতেই এই অস্ত্রগুলো আনা হয়েছিল। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।"
তিনি আরও জানান, গত ৬ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড গুলি এবং সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ভোরের আকাশ/ র.ই