মুন্সীগঞ্জে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা বহু দোকান

মুন্সীগঞ্জে ভোররাতে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাত ৩টা ১৯ মিনিটে শহরের বল্লাল বাড়ি এলাকার সিপাহিপাড়ায় অবস্থিত মনির হোটেলে আগুন লাগে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে একটি টিনের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুততায় আশপাশের দোকানপাট রক্ষা পায়।
একই দিনে সকাল ৫টা ৩২ মিনিটে সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়নের চালতাতলা বাজারে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের কাঠ, বাঁশ ও টিনের তৈরি ঘর থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দুটি মুদি দোকান ও একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম রাখা সম্ভব হয়েছে।
ভোরের আকাশ/আ.র