স্বামী মোটরসাইকেল চালাচ্ছিল: কাভার্ড ভ্যান চাপায় তানজিলার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় তানজিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভুঁইয়ার স্ত্রী।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলা আক্তার স্বামী আমজাদ হোসেন ভুঁইয়ার মোটরসাইকেলে করে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণকেন্দ্রে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস করতে যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বরে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তানজিলা আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এনউব