শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মান্দায় মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার শেষ সীমানায় কামারপাড়া এলাকার কাছাকাছি একটি অটোরিকশায় করে অল্প সময়ের জন্য মাইকিং করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের আব্দুল জলিল সরকার (৫০), যিনি স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচিত, এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় চালকসহ তিনজন রয়েছেন। এ সময় মাইকে ঘোষণা দিয়ে বলতে শোনা যায়, “মান্দাবাসী, আপনারা জেনে খুশি হবেন, আগামী ডিসেম্বর মাসে এই বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দলমত-নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।”
শুক্রবার সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ঘোষণায় উল্লেখ করা আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভিডিওটির মূল উৎস ও প্রকাশের সময় সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
মান্দা থানার ওসি আফজাল হোসেন জানান, মাইকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব