আড়াইহাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রী আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়ে এক দম্পতিকে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উলুকান্দি গ্রামের বোরহান উদ্দিন (৪৫) ও তার স্ত্রী স্বপনা বেগম (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে শুকুর আলী ও ছেলেরা সহ তার সঙ্গে থাকা ৮ থেকে ১০ জন শাবল, লাঠি ও দা নিয়ে বোরহান উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় বোরহান উদ্দিন ও তার স্ত্রী স্বপনা বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে এলাকাবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শুকুর আলীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।
ভোরের আকাশ/ এনউব