দেবহাটায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে ডাকাত সন্দেহে একদল দুর্বৃত্তদের ধাওয়া করে গ্রামবাসী। ধাওয়ার মুখে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায় তারা। এ সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে পাশাপাশি দুই রাউন্ড গুলি ছুড়ে বলে স্থানীয়রা জানায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ব্যাটারিচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলো ডাকাত দল। গভীর রাতে তাদের গতিবিধি সন্দেহজনক দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এতে স্থানীয়রা কয়েকজন মিলে চিৎকার করে তাদের থামানোর চেষ্টা করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ধাওয়া করে।
স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে একপর্যায়ে বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে গ্রামবাসী পিছিয়ে না গিয়ে তাদের ধাওয়া অব্যাহত রাখেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ওই ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রাখছে।
ভোরের আকাশ/আ.র