সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেন্সিডিলসহ মো. সাহাজুল বিশ্বাস (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. সাহাজুল বিশ্বাস (৪৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর (পূর্ব মহিষকুন্ডি) গ্রামের মৃত এয়ার আলী বিশ্বাসের ছেলে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাত ১২টা ১৫ মিনিটের সময় জেলার সলংগা থানার রামারচরস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার ২০ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটের সময় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জের সলংগা থানার রামারচরস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ফেন্সিডিল কুষ্টিয়া জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে গাড়িতে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.