মাধবপুরে দুর্গাপূজায় প্রতিমণ্ডপে চাল বরাদ্দ ৬০০ কেজি, শাড়ি বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে মোট ৭১ টন ৪০০ কেজি সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। এবার প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ আগের তুলনায় ১০০ কেজি বাড়ানো হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাদের হাতে চালের বরাদ্দ তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, আগে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতো। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।”
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর, আনন্দময় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসন মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।”
‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’—এ কথা উল্লেখ করে এমপি ফয়সল পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতা ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায়সহ স্থানীয় নেতারা।
ভোরের আকাশ/সু.পা