নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিক নিহত, দগ্ধ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান মোল্লা (৫৫) নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ও এক মিস্ত্রি দগ্ধ হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরফান মোল্লা গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন, তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং এসএস পাইপের মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)। তাদের বাড়িও একই এলাকায়।
পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের ছাদে স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবুজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভোরের আকাশ/ র.ই