নির্বাচন না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন এখন অবধারিত, এটা ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। এর কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মমিনপুর ইউনিয়ন বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে বলেছেন। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে নির্বাচন অবধারিত, সংস্কার আগে না নির্বাচন আগে- এ প্রশ্ন রেখে তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। এটার জন্যই নির্বাচিত সরকার দরকার।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ী হওয়া কোনোভাবে সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে যে যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের সৈনিক। আওয়ামী লীগ এবং আন্তর্জাতিকভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। দেশের গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন হবে। তাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, শহিদুল কাউনাইন টিলু, শহিদুল ইসলাম রতন, সাইফুল ইসলাম ও এসকে সাদীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ