খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণের চেক, গাছের চারা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে খুলনায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল—‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ।’
দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
তিনি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। তাই পল্লী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুস্থ, স্বাবলম্বী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই প্রকৃত উন্নয়ন।
তিনি আরও বলেন, বিআরডিবির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিও পল্লী উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঋণগ্রহীতাদের উদ্দেশে তিনি বলেন, এই অর্থ উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করে আত্মনির্ভরশীল হতে পারলে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।
বিআরডিবি খুলনার উপপরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল। স্বাগত বক্তব্য দেন বিআরডিবির উপ-প্রকল্প পরিচালক মো. আবু বিল্লাহ হোসেন। এছাড়া সুফলভোগী সুশীল কুমার পাল ও সমাজকর্মী মো. হুমায়ুন কবীর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিআরডিবির তিনজন সুফলভোগীর মধ্যে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি গাছের চারা, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভোরের আকাশ/জেআ