অবৈধ গ্যাস সংযোগের দায়ে নরসিংদীতে তিনজনকে জরিমানা

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও পাইকারচর এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদুল হাসানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন শিমুল।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে তিনটি বাসার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট তিন মালিককে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন শিমুল বলেন, সরকারি সম্পত্তির অপব্যবহার ও অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ