ছাত্র হত্যার দায়ে জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার দায়ে জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহকারী প্রক্টর এবং পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের বহিস্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভারের পুলিশ টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৩ আগস্ট) ভোররাত ৩টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
গ্রেপ্তার মাহমুদুর রহমান জনি (৩৬) কিশোরগঞ্জ জেলার সদর থানার হারুয়া গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগের (জাবি) শাখার সাবেক সভাপতি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার মাহমুদুর রহমান জনি সাভার মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাকে এই মামলায় আদালতে পাঠানো হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
এছাড়া জনির সঙ্গে ছাত্রলীগের একাধিক নেত্রীর অনৈতিক সম্পর্ক স্থাপন এবং অশালীন চ্যাটিংয়ের ছবি ও তথ্য প্রকাশ্যে আসলে বিচারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। পরে ২০২২ সালের ৮ ডিসেম্বর একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠিত হয়। অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় জনির বিরুদ্ধে গঠিত হয় স্ট্রাকচার্ড কমিটি।
এরপর ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় মাহমুদুর রহমান জনিকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভোরের আকাশ/জাআ