বগুড়ার ৩টি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে যাচাই-বাছাই এর প্রথম দিনে তিনটি আসনের ৭ জনের মনোনয়ন বাতিল ও ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়। তিনি এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও ভোটারদের তথ্যর মধ্যে গড়মিল পাওয়া যায়। এছাড়া হলফনামায় তথ্যের গরমিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়নও বাতিল করা হয়।
এই আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বিএনপি মনোনীত সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত আসাদুল হক এবং গণফোরামের জুলফিকার আলী।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅধিকার পরিষদের সেলিম সরকার।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার জানান, হলফনামায় তথ্যের গরমিল থাকার কারণে শরিফুল ইসলাম জিন্নাহ ও মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই কারণে অপর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এই আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় তথ্যের গরমিল থাকার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদারের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন বৈধ হওয়া চারজন হলেন বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ।
ভোরের আকাশ/এসএইচ