গাইবান্ধায় শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৪০) নামের এক ঘাস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘাস বিক্রি করতেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গতকাল ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজ আদায় করছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশি সাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত সাইফুল ইসলাম।
এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়।
পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, 'এঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আসামীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।'
ভোরের আকাশ/ র.ই