গাইবান্ধায় অবৈধভাবে মজুত ২৬ বস্তা সার জব্দ, জরিমানা

গাইবান্ধার ফুলছড়িতে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অনুমোদন ছাড়া সার মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে সার মজুত করে রাখার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদনবিহীন ও অবৈধভাবে সার মজুত রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার হেফাজতে থাকা ২৬ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ করা সার যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে না ফেলে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তা সরকার নির্ধারিত মূল্যে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট ওয়ার্ডের কৃষকদের মধ্যে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা , ফুলছড়ি থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে সার সহজলভ্য রাখা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে নিয়মিতভাবে নজরদারি করা হচ্ছে। অনুমোদন ছাড়া সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে সার মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।