খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে দাদির অনুপস্থিতির সুযোগে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম (৩৫) পলাতক রয়েছেন। অসুস্থ হয়ে পড়া শিশুটিকে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী শিশু স্থানীয় বিরাশিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা ছোটবেলায় তাকে ছেড়ে চলে যান। বাবা চট্টগ্রামে চাকরি করায় শিশুটি দাদির সঙ্গে বসবাস করত। ঘটনার দিন সকালে দাদি মোল্লাবাজারে বিকাশের মাধ্যমে টাকা তুলতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল।
অভিযোগ রয়েছে, এ সুযোগে প্রতিবেশী শামছুল আলম শিশুটির ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেন। পরে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িটি তালাবদ্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। শামছুল আলম তিন সন্তানের জনক বলেও জানা গেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ এনউব