ময়মনসিংহে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার কারণে সেটি বিকল হয়ে পড়েছিল। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর রেল স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে বিকল্প ইঞ্জিন এনে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটি নেওয়া হয় এবং নতুন ইঞ্জিন সংযোগের পর ট্রেনটি ছেড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনটি বিকল হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিকল ইঞ্জিনটি বর্তমানে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে রাখা আছে।
ভোরের আকাশ/এসএইচ