পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শুক্রবার বাদ আসর থেকে শুরু হওয়া এ মাহফিলে মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এশার নামাজের পর দোয়া ও মিলাদের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় এবং শেষে তাবারক বিতরণ করা হয়।এর আগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।
তিনি বলেন, “নবী করীম (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব।” মাহফিলে সভাপতিত্ব করেন পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব কাজী মো. তোহা।
তিনি আরও বলেন, “এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দেয় এবং প্রজন্মের কাছে ইসলামের আলো পৌঁছে দেয়। আমরা প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখতে চাই।”
এছাড়া স্থানীয় আলেম-ওলামা, সমাজের বিশিষ্টজন, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা মাহফিলে উপস্থিত ছিলেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি ও মুসল্লিদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/তা.কা