অবৈধভাবে উত্তোলনকৃত বালুর নিলাম, রাজস্ব আয় ১.৮৩ লাখ টাকা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে উত্তোলনকৃত ২৪ শ ঘনফুট বালু জব্দ ও উন্মুক্ত নিলাম করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর গেইটঘর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নিলাম থেকে ভ্যাটসহ সর্বমোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা করা হয়েছে।
পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত কঠোর অভিযানের অংশ হিসেবে আজ ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১টায় শাহপুর গেইটঘর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত করে রাখা বালু জব্দ করার পর ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরীর উপস্থিতিতে ঘটনাস্থলেই তা প্রকাশ্য নিলামে তোলা হয়।
৭১ হাজার টাকা সরকারি ডাক থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১ লাখ ৪৪ হাজার টাকায় বালু নিলাম সম্পন্ন হয়। পরবর্তীতে এর সাথে ভ্যাট ও অন্যান্য সরকারি ফি যুক্ত হয়ে চূড়ান্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই ধরণের কঠোর ও বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা