সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য, অসহায়দের মাঝে চাল বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শহরের পৌর শিশু পার্কের সামনে থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।
দীর্ঘদিন ধরেই সিরাজগঞ্জের মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হাজী আব্দুস সাত্তার। রমজানের কঠিন সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এক বস্তা করে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিম্নআয়ের ক্ষুদ্র দোকানদাররা।
চাল নিতে আসা এক বৃদ্ধ দোকানদার আবেগপ্লুত হয়ে বলেন, রমজানে ব্যবসা তেমন ভালো হয় না, ঘর চালানো নিয়ে চিন্তায় ছিলাম। আজ হাজী আব্দুস সাত্তার সাহেবের এই চাল আমাদের অনেক বড় উপকার করল।
চাল বিতরণ শেষে হাজী আব্দুস সাত্তার বলেন, কোনো প্রচারের জন্য নয়, বরং স্রষ্টার সন্তুষ্টি অর্জনই আমার মূল লক্ষ্য। মানুষের পাশে দাঁড়ানোই হলো সবচেয়ে বড় ইবাদত। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এই রমজানে কেউ যেন অনাহারে না থাকে, সেই ক্ষুদ্র প্রচেষ্টাই করে যাচ্ছি আমরা।
তিনি আরও জানান, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি স্থানীয় সচেতন মহল এই মহতী উদ্যোগের পাশে থাকা ও সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
ভোরের আকাশ/এনএস