গাইবান্ধায় সাওতালদের দুপক্ষে সংঘর্ষ, আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় সাঁওতালদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিন জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুরপাড়ায় সাঁওতালদের দুপক্ষে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, রংপুর চিনিকলের ১৮৬২ একর জমি বাপ দাদার দাবী করে, ওই জমির মালিকানার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এরই মধ্যে ফিলিমন বাস্কে ও জাফরুলের নেতৃত্বে কমিটি দুভাগে বিভক্ত হয়।
রোববার(১২এপ্রিল) দুপুরে জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে কৃষি ভূমি সুরক্ষা আইনে বাগদা ফার্মের জমি সাওতাল বাঙ্গালীদের ফেরতের দাবীতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিলো। সেখানে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপ জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে হামলা চালায় বলে দাবী করেন, ফিলিমন বাস্কে। এতে নারীসহ তিন জন আহত হয়েছেন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জাফরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/এনউব